রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১২, ২০২৬, ১০:৩২ এএম

রাতভর বৃষ্টিতে ডুবল ঢাকা, ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় রাতভর মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের বিভিন্ন প্রধান সড়ক ও অলিগলিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ায় বেশ কিছু এলাকায় গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবসের সকালেই এ পরিস্থিতিতে অফিসগামী ও সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

শনিবার দিবাগত রাত থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে সকাল হতেই ঢাকার ধানমন্ডি, মিরপুর, মৌচাক, মালিবাগ, কারওয়ান বাজার, মতিঝিল ও পুরান ঢাকার বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে গেছে। কোথাও কোথাও হাঁটু থেকে কোমর সমান পানি জমে যাওয়ায় সড়কের ওপরই বহু যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে। সকালের দিকে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় দীর্ঘ সময় বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে অফিসগামীদের। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশায় অতিরিক্ত ভাড়া দাবি করার অভিযোগ করেছেন অনেক যাত্রী।

জলাবদ্ধতার পাশাপাশি ঝোড়ো বাতাসের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তায় গাছ ভেঙে পড়েছে। এতে মূল সড়কগুলোতে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কবলে পড়ে নগরজীবনে নেমে এসেছে স্থবিরতা।

এদিকে রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ অঞ্চলগুলোর কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি বা মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।