রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

চিকিৎসা অবহেলার অভিযোগে নেত্রকোনা সদর হাসপাতালে ভাঙচুর

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৯:৩৮ পিএম

চিকিৎসা অবহেলার অভিযোগে নেত্রকোনা সদর হাসপাতালে ভাঙচুর

ছবি - সংগৃহীত

নেত্রকোনা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় এক রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় লোকজন। রোববার রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগ ও ডায়রিয়া ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকটি জানালার কাচ ও একটি দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে।নিহত সজীব মিয়া (২৩) পৌর শহরের আমগাছতলা এলাকার শুকুর আলীর ছেলে এবং পেশায় ইজিবাইকচালক ছিলেন।

স্বজনদের অভিযোগ, গ্যাসের ব্যথা ও বমি নিয়ে রোববার সন্ধ্যায় সজীবকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলেও বিদ্যুৎ না থাকার অজুহাতে দায়িত্বরত চিকিৎসক সুজন পাল প্রয়োজনীয় চিকিৎসা প্রদানে অবহেলা করেন। একপর্যায়ে সজীবের মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালান। পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের হস্তক্ষেপে পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একরামুল হাসান বলেন, ঘটনার সময় হাসপাতালে বিদ্যুৎ ছিল না এবং পিডিবির নির্বাহী প্রকৌশলীর সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। চিকিৎসা অবহেলার অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন।