বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

ফেনীর সোনাগাজীতে টর্নেডোর তাণ্ডব ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৯, ২০২৬, ১১:০৭ পিএম

ফেনীর সোনাগাজীতে টর্নেডোর তাণ্ডব ক্ষতিগ্রস্ত ৩৫ পরিবার

ছবি - সংগৃহীত

ফেনীর সোনাগাজীতে আকস্মিক টর্নেডোর আঘাতে ৩৫টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের মধ্যম স্বরাজপুর গ্রামে এই প্রাকৃতিক দুর্যোগের ঘটনা ঘটে। মাত্র এক মিনিট স্থায়ী এই তাণ্ডবে গ্রামের বহু ঘরবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে টর্নেডোটি বয়ে যায়। 

চোখের নিমিষেই লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামের জনজীবন। টর্নেডোর কবলে পড়ে প্রায় ২০টি ছোট-বড় ঘর সম্পূর্ণ বা আংশিক বিধ্বস্ত হয়েছে। সেই সঙ্গে উপড়ে পড়েছে শতাধিক গাছপালা।বৈদ্যুতিক ব্যবস্থাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চারটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার পাশাপাশি ৩৫টি পরিবারের বৈদ্যুতিক মিটার টর্নেডোর বাতাসে উড়ে গেছে। স্থানীয়দের ধারণা, এই আকস্মিক দুর্যোগে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্দশার বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে এবং তাদের জন্য দ্রুত সরকারি সহায়তার আবেদন করা হয়েছে।সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা জানিয়েছেন, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য প্রশাসন কাজ করছে।