বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ফুটবল খেলা নিয়ে বিরোধ প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ১২:১৭ পিএম

ফুটবল খেলা নিয়ে বিরোধ প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান নামে ২৬ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াস ওই গ্রামের সাত্তার খানের ছেলে।স্থানীয় গ্রামে ফুটবল খেলা নিয়ে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় কালিঞ্জা গ্রামে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে স্থানীয় সিয়াম আহমেদের বাবা রাসেলের সঙ্গে ইলিয়াসের বাগ্‌বিতণ্ডা হয়। স্থানীয়রা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও কিছুক্ষণ পর উভয় পক্ষ আবারও তর্কে জড়িয়ে পড়ে। উত্তেজনার একপর্যায়ে রাসেল ও তার ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র নিয়ে ইলিয়াসের ওপর হামলা চালান। এতে ইলিয়াস গুরুতর আহত হন।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ থানার পুলিশ কর্মকর্তা মো. আহসানুজ্জামান জানিয়েছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত চলমান রয়েছে।