রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আবারও গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের সাহেদ করিম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২০, ২০২৬, ০২:২৩ পিএম

আবারও গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের সাহেদ করিম

ছবি - সংগৃহীত

আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান বাসির গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, সাহেদের বিরুদ্ধে সিআর মামলার ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সাহেদ এর আগে করোনা মহামারির সময়ে রোগীদের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট প্রদানের মতো গুরুতর প্রতারণার অভিযোগে দেশজুড়ে আলোচনায় আসেন। ২০২০ সালের ৬ জুলাই র‌্যাবের অভিযানের সময় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে জালিয়াতির প্রমাণ পাওয়া যায়। এরপরই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতাল ও এর কার্যালয় সিলগালা করে দেওয়া হয়।

সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছিল। সেই বছর ১৫ জুলাই তাকে সাতক্ষীরা থেকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। তার বিরুদ্ধে মোট ৯৬টি মামলা রয়েছে এবং পাঁচটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত আসামি। সবকটি মামলায় জামিন পাওয়ার পর তিনি কারামুক্ত হলেও, সাম্প্রতিক ওয়ারেন্টের কারণে তাকে আবার আইনের আওতায় আনা হলো।