জুলাই ২০, ২০২৬, ০৭:৫৭ পিএম
ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রামসহ ৫টি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এর ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। সোমবার নিয়মিত বুলেটিনে এই আশঙ্কার কথা জানানো হয়।আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।
আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী, আগামী একদিন দেশের অভ্যন্তরে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং উজানে ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল বাড়তে পারে, যা বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের সুরমা নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।
সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চলেও স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার ভুগাই, কংস ও সোমেশ্বরী নদীর পানি শেরপুরসহ অন্যান্য এলাকায় বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে সতর্কীকরণ কেন্দ্র। অন্যদিকে ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পাওয়ায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার নিম্নাঞ্চলে পানি প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, উত্তরাঞ্চলীয় রংপুর ও রাজশাহী বিভাগের করতোয়া, আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও ঘাঘট নদীর পানিও বাড়ছে। এসব নদীর পানি আগামী তিন দিন বৃদ্ধি পেতে পারে। সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নদ-নদীর পানি বাড়ায় নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন