জুলাই ২১, ২০২৬, ০৭:৫২ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে ট্রেনে মারধরের অভিযোগ ওঠার পর সৃষ্ট উত্তেজনার অবসান ঘটেছে। টানা আট ঘণ্টা অবরোধের পর মঙ্গলবার বিকেলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের যৌথ বৈঠকে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে এই অবরোধ প্রত্যাহার করা হয়।
যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছিল।এর আগে সকালে ট্রেন টিকিট পরীক্ষক সুমনের বিরুদ্ধে ফুরকান উদ্দিন নামের এক রাবি শিক্ষার্থীকে মারধরের গুরুতর অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রেললাইন অবরুদ্ধ করেন। এই আকস্মিক কর্মসূচির ফলে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকা পড়ায় চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ এবং বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সার্বিক বিষয় পর্যালোচনা করে অভিযুক্ত ট্রেন টিকিট পরীক্ষককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য দুটি পৃথক কমিটি গঠন করা হয়েছে। একটি কমিটি রেলওয়ে কর্তৃপক্ষের অধীনে অভ্যন্তরীণ বিষয় তদন্ত করবে এবং অন্যটিতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অন্তর্ভুক্ত থাকবেন।
সভায় ভুক্তভোগী শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনগুলোর স্টপেজ চালুর সিদ্ধান্তও গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহাবুবর রহমান জানান, শিক্ষার্থীদের চার দফা দাবির প্রায় সবই পূরণ করা হয়েছে এবং তাদের অনুরোধে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছেন। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে সার্বিক অগ্রগতি পর্যালোচনায় আরেকটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে সব মহলে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন