জুলাই ২২, ২০২৬, ০৪:২৯ পিএম
মানিকগঞ্জ জেলায় স্বাস্থ্য বিভাগের পরিচালিত বিশেষ অভিযানে নানা অনিয়ম ও লাইসেন্স না থাকার অভিযোগে দুটি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানকে মুচলেকা নিয়ে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার দুপুরে মানিকগঞ্জ শহরের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে এই ঝটিকা অভিযান চালানো হয়।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।অভিযানে আল রাফী জেনারেল হাসপাতাল, যমুনা জেনারেল হাসপাতাল এবং মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের অনিয়ম ধরা পড়ায় তাদের কার্যক্রম স্থগিত করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আল রাফী ও যমুনা জেনারেল হাসপাতালের লাইসেন্স দীর্ঘদিন ধরে নবায়ন করা হয়নি।
পরিদর্শনের সময় ওই দুই প্রতিষ্ঠানে কোনো কর্তব্যরত চিকিৎসক কিংবা নির্ধারিত লেবার রুম পাওয়া যায়নি। পাশাপাশি তিন প্রতিষ্ঠানের প্যাথলজি ও ডায়াগনস্টিক বিভাগে বিভিন্ন ধরনের গুরুতর ত্রুটি ও অনিয়ম লক্ষ্য করা যায়।অন্যদিকে নিয়মবহির্ভূত কার্যক্রমের অভিযোগে মানিকগঞ্জ শিশু ও জেনারেল হাসপাতালকে কঠোর সতর্কবার্তা দিয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস গণমাধ্যমকে জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও জনবান্ধব স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। স্বাস্থ্য খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে অবৈধ ও ত্রুটিপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন