জুলাই ২২, ২০২৬, ০৪:৫৫ পিএম
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাছ ধরতে গিয়ে নাজমুল ইসলাম নামের এক তরুণকে বিষাক্ত নয় এমন একটি সাপ ছোবল দিয়েছে। তবে স্থানীয়দের সহায়তায় ওই সাপটিকে পিটিয়ে মেরে ফেলার পর মরা সাপটি সঙ্গেই নিয়ে হাসপাতালে হাজির হন রোগী ও তাঁর স্বজনেরা। মঙ্গলবার রাতে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
সাপটি সঙ্গে থাকায় চিকিৎসকদের জন্য রোগ নির্ণয় সহজ হয়।আহত নাজমুল ইসলাম উপজেলার শালবাহান ইউনিয়নের শংকরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে এবং পেশায় একজন কাঠমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে তিনি অপর দুই ব্যক্তির সঙ্গে মাছ ধরতে বের হয়েছিলেন।
পাকা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ তাঁর বাঁ পায়ে একটি সাপ ছোবল দেয়। এ সময় তাঁর সঙ্গে থাকা সঙ্গীরা লাঠি দিয়ে পিটিয়ে সাপটিকে ঘটনাস্থলেই মেরে ফেলেন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় রোগীর পা বেঁধে এবং ওই মরা সাপটি সঙ্গে করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা সাপটি পর্যবেক্ষণ করেন।
তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাকিল রহমান জানান, সাপটি নির্বিষ হওয়ায় ওই রোগীকে কোনো অ্যান্টিভেনম দিতে হয়নি। বর্তমানে রোগী সম্পূর্ণ আশঙ্কামুক্ত ও সুস্থ আছেন এবং তাঁকে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সাপসহ হাসপাতালে রোগীর এমন উপস্থিতির খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে কৌতূহলী মানুষের ভিড় জমে যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন