রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৩, ২০২৬, ০৮:২৬ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে ব্লেড

ছবি - সংগৃহীত

বরিশালের গৌরনদী পৌর এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির ভেতর থেকে ধারালো ব্লেড পাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বুধবার সকালে এই ঘটনা ঘটে, যা বৃহস্পতিবার প্রকাশ্যে আসার পর স্থানীয় অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে সময়মতো বিষয়টি নজরে আসায় ওই শিক্ষার্থীর কোনো শারীরিক ক্ষতি হয়নি।

ঘটনার পর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ সরকারি টিফিনের রুটি খাওয়ার সময় সেটি ছিঁড়লে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। তাৎক্ষণিকভাবে সে বিষয়টি তার শ্রেণিশিক্ষক শারমিন জাহানকে অবহিত করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যালয়ের শিক্ষিকা সায়ফুন নাহার জানান যে বিষয়টি সঙ্গে সঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছিল। সরবরাহকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি জানান যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে রুটি তৈরি হওয়ার কথা থাকলেও কীভাবে এই ধাতব বস্তু এল তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার গুরুত্ব বিবেচনা করে বৃহস্পতিবার বিকেলে গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে গঠিত এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে বিস্তারিত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিষয়টি জানার পরেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাসময়ে অবহিত না করায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।