বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

নীলফামারীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৫, ২০২৬, ০৫:০৫ পিএম

নীলফামারীতে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নীলফামারীতে চার কেজি অবৈধ গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা বা ডিবি পুলিশের একটি চৌকস দল।শুক্রবার এই সফল অভিযান পরিচালিত হয়।পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খানের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মতলুবর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবির আভিযানিক দল নীলফামারী সদর উপজেলার পৌরসভাস্থ মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন দুই যুবকের গতিবিধি দেখে তাদের থামানো হয় এবং আইনানুগ তল্লাশি চালানো হয়।ধৃত ব্যক্তিরা হলেন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী গ্রামের আট নম্বর ওয়ার্ডের শমসের আলীর ছেলে মো. আব্দুল মালেক (২৪) এবং একই উপজেলার উত্তর ধুবনী এক নম্বর ওয়ার্ডের মো. রাশিদুল ইসলামের ছেলে মো. হৃদয় ইসলাম (১৯)। 

আব্দুল মালেকের হাতে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশি করে সাদা পলিথিন দিয়ে বিশেষভাবে মোড়ানো দুটি পোটলা থেকে মোট চার কেজি অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য দুই লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা স্বীকার করেছে যে তারা পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এই অবৈধ কারবারের সাথে জড়িত। তারা লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা থেকে এই গাঁজা সংগ্রহ করে নীলফামারী রেলস্টেশন হয়ে নাটোর জেলার এক অজ্ঞাত ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।এ ঘটনায় নীলফামারী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।