বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি লেদু গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৩:২৪ পিএম

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি লেদু গ্রেপ্তার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আলোচিত বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এবং হত্যা, অস্ত্র ও মাদকসহ ৩২ মামলার পলাতক আসামি মনওয়ার হোসেন লেদু ওরফে লেদু হাসানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। মঙ্গলবার (২৯ জুলাই) র‍্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।এর আগে গত সোমবার রাজধানীর মোহাম্মদপুর থানার মোহাম্মদিয়া হাউজিং সোসাইটি এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে র‍্যাবের একটি দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ১ জুলাই রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘটিত মারামারিতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা ছুরিকাঘাতে নিহত হন। চাঞ্চল্যকর ওই হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি হলেন মনওয়ার হোসেন লেদু। এই মামলায় ইতিপূর্বে গ্রেপ্তার হওয়া অন্যান্য আসামিদের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে উঠে আসে যে, নিহত বাদশাকে হত্যার জন্য মূল ঘাতক পারভেজকে অস্ত্র সরবরাহ করেছিলেন লেদু হাসান নিজেই।

দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থাকা মনওয়ার হোসেন লেদুর বিরুদ্ধে রাজধানী ঢাকার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ৩২টি মামলা রয়েছে। এর মধ্যে ২০১০ সালে আলোচিত ওয়াহিদুজ্জামান হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেপ্তার হয়ে দীর্ঘ সময় হাজতবাস করেন। এ ছাড়া ২০২১ সালে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ তাকে গ্রেপ্তার করেছিল র‍্যাব-৪। পরবর্তীতে একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের সশ্রম কারাদণ্ড হয়।

স্থানীয় সাধারণ মানুষের পক্ষ থেকেও দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা এবং কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগ আসছিল।গ্রেপ্তারকৃত মনওয়ার হোসেন লেদুর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। র‍্যাব জানিয়েছে, তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বাকি পলাতক আসামিদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।