জুলাই ৩০, ২০২৬, ১২:০২ এএম
সিলেটের পাঁচটি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে টানটান উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে পাঁচ প্লাটুন বিজিবিসহ অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।বৃহস্পতিবার ও শুক্রবার দুই দিনব্যাপী এই কর্মসূচি পালিত হবে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বিকেলে কানাইঘাট এবং সন্ধ্যায় ওসমানীনগরে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর শুক্রবার ক্রমান্বয়ে কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে এই কর্মসূচি পালিত হবে। সাম্প্রতিক সময়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সিলেটের এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন গণমাধ্যমকে জানান, জেলাজুড়ে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও ডিবির পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হয়েছে।এদিকে পদযাত্রাকে সফল করতে দলটির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে বাধা সৃষ্টি করা হলে তা রাজনৈতিক সংস্কৃতিকে ক্ষতিগ্রস্ত করে। সব দলের অংশগ্রহণে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, জননিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন