রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী যাবেন তাই সড়কের এক পাশেই রং

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১০, ২০২৬, ১০:০৭ পিএম

প্রধানমন্ত্রী যাবেন তাই সড়কের এক পাশেই রং

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের কেবল এক পাশে সৌন্দর্যবর্ধনের কাজ করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই ব্যস্ত সড়কের ডিভাইডারের এক পাশে নতুন রং করা হলেও অন্য পাশটি সম্পূর্ণ মলিন ও অপরিচ্ছন্ন রয়ে গেছে। রোববার প্রধানমন্ত্রী বন্যা দুর্গতদের পুনর্বাসন কর্মসূচিতে অংশ নিতে এই সড়ক দিয়েই হাটহাজারীতে গিয়েছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মাঝে তুমুল বিতর্ক শুরু হয়।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধানমন্ত্রী যে পাশ দিয়ে যাতায়াত করেছেন, শুধু সেই পাশেই পরিচ্ছন্নতা ও রং করার কাজ তড়িঘড়ি করে শেষ করা হয়েছে। অক্সিজেন এলাকার নিয়মিত যাত্রী হারুন এবং বালুচরা এলাকার বাসিন্দা শিহাব উদ্দিন ক্ষোভ প্রকাশ করে জানান, সাধারণ মানুষের সুবিধার্থে সড়কের দুই পাশেই সমানভাবে কাজ করা উচিত ছিল। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হওয়ার পর সোমবার সকাল থেকে অক্সিজেন মোড়ের দিক থেকে ডিভাইডারের অপর পাশেও নতুন করে রং করার কাজ শুরু করেছেন বেশ কয়েকজন শ্রমিক। নেটিজেনদের অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন যে গুরুত্বপূর্ণ ব্যক্তির চলাচলের পথ হলেই কি কেবল সড়কের সৌন্দর্যবর্ধনের কাজ জোরদার হয়।

সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা অবশ্য প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে লোকদেখানো কাজের অভিযোগটি সরাসরি অস্বীকার করেছেন। সড়ক বিভাগের উপসহকারী রঞ্জন কুমার বিশ্বাস জানান, প্রধানমন্ত্রী আসার দুই থেকে তিন দিন আগেই কাজ শুরু হয়েছিল, কিন্তু বৃষ্টি ও নানা কারিগরি সমস্যার কারণে দুই পাশে একসঙ্গে কাজ করা সম্ভব হয়নি। এটি আগে থেকেই পরিকল্পিত একটি চলমান কাজ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ খাতের ব্যয় থেকেই এটি বাস্তবায়ন করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মোসলেহ্উদ্দীন জানান, গত এক মাস ধরেই সড়কের পাশের জঙ্গল ও ব্রিজ-কালভার্ট পরিষ্কারের কাজ চলছে। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন জানিয়েছেন যে বিষয়টি নিয়ে তিনি সড়ক বিভাগের সাথে কথা বলেছেন এবং বর্তমানে অপর পাশের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।