বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

যশোর ও মাদারীপুরে ককটেল বিস্ফোরণ, আহত ৮

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ১৫, ২০২৬, ০৪:১০ পিএম

যশোর ও মাদারীপুরে ককটেল বিস্ফোরণ, আহত ৮

ছবি : সংগৃহীত

যশোরের কেশবপুর ও মাদারীপুরের কালকিনিতে শনিবার সকালে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সাত শিশু শিক্ষার্থীসহ মোট আটজন আহত হয়েছেন।মাদারীপুরে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

সকাল নয়টার দিকে কালকিনি পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে একটি বসতঘরের সিঁড়িতে রাখা ককটেল নিয়ে নাড়াচাড়া করতে গেলে এই বিস্ফোরণ ঘটে। আহতরা সবাই স্থানীয় একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থী। টিফিনের বিরতিতে তারা পাশের ওই বাড়ির কাছে গিয়েছিল। অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা জানিয়েছেন, ককটেলটি কীভাবে সেখানে এল তা খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে বেলা পৌনে এগারোটার দিকে যশোরের কেশবপুরে যশোর-সাতক্ষীরা সড়কের মধ্যকুল এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে পঁয়ত্রিশ বছর বয়সী এক মোটরশ্রমিকের পায়ে স্প্লিন্টার লাগলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থল থেকে আরও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, শুক্রবার রাতে ওই এলাকায় রফিক মোড়ল ও কামাল খান নামের দুই ব্যক্তির নেতৃত্বে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছা. রোকসোনা খাতুন বিষয়টি অবহিত থাকার কথা স্বীকার করে জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।