আগস্ট ১৭, ২০২৬, ১০:৩১ এএম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছোট ভাইয়ের বিরুদ্ধে নিজ বড় বোনকে ধর্ষণের গুরুতর অভিযোগ উঠেছে। রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের দুই নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পেশায় একজন স্থানীয় টিন কারখানার শ্রমিক। তিনি তার মা, বড় ভাই ও ভাবিসহ ওই এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার সময় পারিবারিক নানা কারণে তার মা গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন এবং বড় ভাই ও ভাবি কর্মস্থলে বাইরে ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত ছোট ভাই ওই বাসায় প্রবেশ করেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, বাসায় কেউ না থাকার সুবাদে অভিযুক্ত ব্যক্তি তার বড় বোনের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং জোরপূর্বক তাকে ধর্ষণ করা হয়। অপরাধ সংঘটিত করার পর ভুক্তভোগীকে কক্ষের ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।
পরবর্তীতে ভুক্তভোগী নারী মুক্ত হয়ে থানায় গিয়ে সমস্ত ঘটনা জানিয়ে লিখিত অভিযোগ দেন। বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদুল হক জানান, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন