আগস্ট ১৭, ২০২৬, ০৮:৩৭ পিএম
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ জেলা গড়ার লক্ষ্যে নীলফামারীতে ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নীলফামারী জেলা শাখার উদ্যোগে হাজীগঞ্জ বাজার থেকে মাস্টারপাড়া পর্যন্ত দুই কিলোমিটার সড়কের পাশে এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ফরেস্ট অফিসার নিশি কান্ত মালাকার, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি প্রকৌশলী এস. এম সফিকুল আলম ডাবলু, পরিচালক মো. আব্দুল মোমিন এবং ধ্রুবতারা ফাউন্ডেশনের কেন্দ্রীয় ও জেলা শাখার নেতৃবৃন্দ। অনুষ্ঠানের বক্তারা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তরুণ সমাজকে পরিবেশবান্ধব কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
তরুণদের এই উদ্যোগ পরিবেশ শীতল রাখার পাশাপাশি ভবিষ্যতে এলাকার অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। চারাগুলো নিয়মিত পরিচর্যার গুরুত্বারোপ করে উপস্থিত অতিথিরা সংগঠনের এই পরিবেশবান্ধব কর্মকাণ্ডের প্রশংসা করেন। দিনাজপুর টিভি ডট কম-এর প্রতিবেদনে পরিবেশ রক্ষায় এই সামাজিক বনায়ন কর্মসূচিকে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন