আগস্ট ২১, ২০২৬, ০৪:১২ পিএম
বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই কুষ্টিয়ার দৌলতপুরে বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনাস নামের এক নববিবাহিত বরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের ইউসুফ মোল্লার পুত্র।বিয়ের আনন্দ মুহূর্তেই বিষাদে রূপ নেয় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের অকালমৃত্যুতে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহেরমাদি এলাকায় আনাসের বিয়ে সম্পন্ন হয়। বিকেলে নববধূকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফেরার পর থেকেই পরিবারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল। রাতের বেলা বাড়ির আঙিনায় প্যান্ডেল তৈরি করে নাচ-গানের আয়োজন করা হয়েছিল। একপর্যায়ে প্যান্ডেলের পাশে চেয়ারে বসে থাকা আনাসের ওপর একটি স্ট্যান্ড ফ্যান পড়ে যায় এবং ফ্যানটি বিদ্যুতায়িত থাকায় তিনি গুরুতরভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া আড়াই শ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন, তবে পথেই তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, স্ট্যান্ড ফ্যানের মাধ্যমে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই এই দুর্ঘটনা ঘটে। প্রায় দুই মাস আগে তাদের আক্দ সম্পন্ন হলেও বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নববধূকে বাড়িতে আনা হয়েছিল এবং পরদিন বউভাতের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন