বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬,

জেলের জালে ১০০ মণ ইলিশ, বিক্রি ৩০ লাখ টাকায়

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ২৮, ২০২৬, ১১:২৪ এএম

জেলের জালে ১০০ মণ ইলিশ, বিক্রি ৩০ লাখ টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলেদের জালে এক টানেই ধরা পড়েছে প্রায় একশ মণ ইলিশ। ‍‍`এফবি আব্দুল্লাহ‍‍` নামের একটি মাছ ধরার ট্রলারে এই বিপুল পরিমাণ মাছ ধরা পড়ে, যা পরে নিলামের মাধ্যমে প্রায় ত্রিশ লাখ টাকায় বিক্রি হয়েছে।দীর্ঘদিনের অপেক্ষার পর কাঙ্ক্ষিত মাত্রায় ইলিশ ধরা পড়ায় উপকূলীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।

স্থানীয় মৎস্য আড়ত সূত্রে জানা গেছে, মাঝি বাদশা মিয়ার নেতৃত্বে পনেরো জন জেলেকে নিয়ে ট্রলারটি গভীর সমুদ্রে মাছ ধরতে যায়। সেখানে জাল ফেলার পর এক দিনেই বিপুল সংখ্যক ইলিশ ধরা পড়ে, যার ওজন প্রায় আশি থেকে একশ মণের কাছাকাছি। গত ২৬ আগস্ট দিনব্যাপী ঘাটে এই মাছগুলোর প্রকাশ্য নিলাম অনুষ্ঠিত হয় এবং স্তূপ করে মাছগুলো বিক্রি করা হয়। ট্রলার সংশ্লিষ্ট জেলেরা জানান, সাগরে বর্তমানে প্রচুর ইলিশ রয়েছে এবং এই একটি ট্রিপেই তাদের ভাগ্যের চাকা ঘুরে গেছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরে বেশ কিছুদিন ইলিশের সংকট থাকলেও বর্তমানে পরিস্থিতি বদলাতে শুরু করেছে বলে জানিয়েছেন কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। তিনি জানান, সাগরে এখন ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ছে, যা উপকূলীয় মৎস্য অর্থনীতির স্থবিরতা কাটিয়ে নতুন গতি আনবে। ইলিশের এই প্রাচুর্য অব্যাহত থাকলে চলতি মৌসুমে জেলে ও ব্যবসায়ীরা তাদের পূর্বের ক্ষতি সম্পূর্ণ পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।