শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বামীর

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩০, ২০২৬, ০১:০১ পিএম

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, ঘটনার হৃদয়বিদারক বর্ণনা স্বামীর

ছবি : সংগৃহীত

চোখের চিকিৎসা করাতে স্বামীর সঙ্গে বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিনা পারভীন। গন্তব্য ছিল ফার্মগেটের খামারবাড়িতে ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল। গাবতলীতে নেমে রিকশায় করে হাসপাতালের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেখানে আর পৌঁছানো হয়নি।সংসদ ভবনের দক্ষিণ প্লাজার কাছে পেছন থেকে মোটরসাইকেলে আসা এক ছিনতাইকারী তার কাঁধে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়।

হেঁচকা টানে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান ৫৫ বছর বয়সী এই শিক্ষিকা। মাথার পেছনে গুরুতর আঘাত পাওয়ায় তার মাথা ফেটে যায় এবং রক্তে ভিজে যায় স্বামীর পোশাক। দ্রুত তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শনিবার ভোরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

স্বামী আবদুল মতিন জানান, শুক্রবার রাতে তারা বাসে করে বগুড়া থেকে রওনা হন এবং ভোরে কল্যাণপুর বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে মানিক মিয়া অ্যাভিনিউ পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাদের রিকশার পাশে এসে ঘষা দেয়। রিকশাচালক গতি কমিয়ে দিলে পেছনে থাকা মোটরসাইকেলের আরোহী রনজিনার কাঁধে থাকা ব্যাগ ধরে টান দেন এবং ব্যাগ নিয়ে পালিয়ে যান।টানের চোটে রিকশা থেকে উল্টে সড়কে পড়ে যান রনজিনা।

ঘটনার পর স্বামী আবদুল মতিন রক্তাক্ত স্ত্রীকে কোলে তুলে নিয়ে দ্রুত সোহরাওয়ার্দী হাসপাতালে ছুটলেও শেষরক্ষা হয়নি। নিহত রনজিনা পারভীনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার দড়ি সোনাকানিয়া গ্রামে। তিনি বগুড়া শহরের রহমাননগর এলাকায় স্বামী ও একমাত্র মেয়ের সাথে বসবাস করতেন। সুরতহাল প্রতিবেদনে তার মাথার পেছনে থেঁতলানো জখম ও নাকেমুখে রক্তের দাগ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে এবং ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় অজ্ঞাতসহ দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শিক্ষিকার এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, সহকর্মী এবং এলাকজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।