আগস্ট ৩১, ২০২৬, ১০:৫৬ এএম
এসএসসিতে এক হাজার ২৫০ নম্বরের মধ্যে এক হাজার ১৫৮ নম্বর পেয়ে জিপিএ-৫ অর্জন করেছেন মেধাবী শিক্ষার্থী গোবিন্দ রায়। প্রত্যন্ত গ্রামের বিদ্যালয় থেকে এমন ঈর্ষণীয় ফলাফল করে তিনি এখন সবার প্রশংসায় ভাসছেন। অথচ ফল প্রকাশের আনন্দের পাশাপাশি তার পরিবারে নেমে এসেছে নতুন দুশ্চিন্তা। ভালো কলেজে ভর্তি ও উচ্চশিক্ষার ব্যয় কীভাবে জোগাবে—এ প্রশ্নই এখন তাদের সামনে বড় হয়ে দাঁড়িয়েছে।
অর্থসংকটের কারণে গোবিন্দের উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। গোবিন্দ নীলফামারী সদর উপজেলার পলাশবাড়ী পরশমণি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী এবং তরনীবাড়ী বন্দরপাড়া গ্রামের চন্দ্র কিশোর রায়ের ছেলে। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সে সবার ছোট। বাবা সামান্য কৃষিকাজের পাশাপাশি অন্যের জমিতে মজুরি করে সংসার চালান। অভাব-অনটনের মধ্যেই ছেলের পড়াশোনার খরচ জুগিয়েছেন তিনি।
নিয়মিত বিদ্যালয়ে যাওয়া এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে গোবিন্দ নিজেকে গড়ে তুলেছে। তবে ভালো কোনো কলেজে ভর্তি, বই-খাতা ও যাতায়াত খরচ বহন করা দরিদ্র কৃষকের পক্ষে কঠিন। ছেলের মেধা ও আগ্রহ থাকলেও অর্থের অভাবে তার পথ সংকুচিত হচ্ছে।
গোবিন্দের ফলাফল ও আর্থিক অসচ্ছলতার কথা জানতে পেরে স্থানীয় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জয়নাল আবেদীন তার কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধান শিক্ষক হৃষিকেশ রায় জানিয়েছেন, গোবিন্দ অত্যন্ত মেধাবী শিক্ষার্থী এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন