বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আইফোন কিনতে সন্তান বিক্রির অভিযোগে বাবা আটক

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩১, ২০২৬, ১২:২০ পিএম

আইফোন কিনতে সন্তান বিক্রির অভিযোগে বাবা আটক

ছবি : সংগৃহীত

আইফোন কেনার জন্য এক লাখ টাকায় নিজের দেড় বছর বয়সী সন্তানকে বিক্রির অভিযোগে পটুয়াখালীর দশমিনায় শিশুটির বাবাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে দত্তক নেওয়া ইমরান হোসেনকেও আটক করা হয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে দশমিনা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে নিজেদের তত্ত্বাবধানে রেখেছে এবং বিক্রির একটি লিখিত চুক্তিপত্র জব্দ করেছে।

পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামে এই ঘটনা ঘটে। রোববার রাতে দশমিনা থানা পুলিশের একটি দল নিজ বাড়ি থেকে অভিযুক্ত বাবা মারুফ মুন্সিকে আটক করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে গলাচিপার চর কাজল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, পুরোনো আইফোনের সঙ্গে নগদ এক লাখ টাকা দিয়ে এক্সচেঞ্জ অফারে নতুন মডেলের আইফোন কিনেছিলেন মারুফ। শিশুটির দাদী তাকে লালন-পালন করতেন এবং মারুফ ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। শনিবার বাড়িতে এসে বাজারে যাওয়ার নাম করে শিশুটিকে নিয়ে যান মারুফ। 

পরে লিখিত চুক্তির মাধ্যমে ইমরানের কাছে শিশুটিকে বিক্রি করে সেই টাকায় তিনি রাজধানীতে গিয়ে নতুন আইফোন কেনেন। পুলিশ জানিয়েছে, শিশুটিকে তার দাদীর কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।