শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ২, ২০২৬, ০৩:২২ পিএম

পঞ্চগড়ে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার একটি ঘটনায় আপসের নামে অর্থ লেনদেনের ভিত্তিহীন অভিযোগ তোলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া। আজ বুধবার দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে যে অপপ্রচার চালানো হচ্ছে তা সম্পূর্ণ রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার মানহানি করার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া জানান, শিশু ধর্ষণচেষ্টার ওই ঘটনা যখন ঘটে তখন তিনি ঢাকায় অবস্থান করছিলেন। ভুক্তভোগী শিশুর পরিবারের মাধ্যমে খবর পেয়ে তিনি নিজেই মামলা দায়েরসহ আইনগত সকল পদক্ষেপে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেছিলেন। 

অথচ একটি কুচক্রী মহল তার বিরুদ্ধে দুই লাখ সত্তর হাজার টাকার বিনিময়ে মামলাটি আপস করার মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে। শিশু ধর্ষণচেষ্টার মতো গুরুতর অপরাধ কোনোভাবেই আপসযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে। 

এ ঘটনায় জড়িত নির্দিষ্ট কয়েকটি ফেসবুক আইডি ও পেজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। সংবাদ সম্মেলনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং ভুক্তভোগী শিশুর যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান এই নেত্রী।