শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ৭, ২০২৬, ০৮:১১ পিএম

পঞ্চগড়ে পরকীয়ার বলি স্বামী, হত্যার অভিযোগে স্ত্রী আটক

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড় সদর উপজেলায় স্বামীকে খাবারে বিষ খাইয়ে হত্যার অভিযোগে স্ত্রী মৌসুমী আক্তারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিংরোড প্রধানপাড়া এলাকা থেকে সদর থানা পুলিশ তাঁকে আটক করে। নিহত আলম হক স্থানীয় বাসিন্দা তসলিম উদ্দীনের ছেলে এবং এই দম্পতির সাত বছর ও পাঁচ বছর বয়সী দুটি সন্তান রয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাতে ভাত খাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলম হক। পেটে তীব্র ব্যথাসহ বমি শুরু হলে পরিবারের সদস্যরা তাঁকে চিনির শরবত তৈরি করে দেন। অভিযোগ রয়েছে, এ সময় সেই শরবতের সাথেও ক্ষতিকর উপাদান মিশিয়ে আলমকে খাওয়ান তাঁর স্ত্রী। 

পরে শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে তাঁকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে দাফন করা হয়েছে। প্রাথমিকভাবে পরিবারের সদস্যরা জিজ্ঞাসাবাদ করলে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে এক আত্মীয়ের কাছে ঘটনার বিস্তারিত কথা বলেন মৌসুমী। স্থানীয় বাবুল হোসেন নামের এক ব্যক্তির দেওয়া ওষুধ তিনি খাবারে মিশিয়েছিলেন বলে পারিবারিক সূত্রে দাবি করা হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। পূর্বের অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে এবং অপর অভিযুক্তকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।