বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার

শহিদুল ইসলাম

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৫:০৭ পিএম

নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

তথ্য গোপন ও ভুয়া তথ্য দাখিলের অভিযোগে প্রার্থীর চাকরি বাতিল হওয়ার পর নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোছাদ্দিকুল আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। প্রকল্প দপ্তরের সুনির্দিষ্ট সিদ্ধান্তের কারণে নিয়োগ বাতিল হলেও ক্ষুব্ধ প্রার্থী ওই কর্মকর্তার বিরুদ্ধে ভিত্তিহীন ঘুষ দাবির অভিযোগ তুলছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিয়োগ বাতিলের এই প্রক্রিয়ার সাথে বর্তমান উপপরিচালকের কোনো প্রশাসনিক সম্পৃক্ততা ছিল না। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা যায়, অভিযুক্ত প্রার্থী আব্দুল আলীম শেখ এর আগে অন্য নামে একই প্রকল্পে দীর্ঘ সময় শিক্ষক হিসেবে চাকরি করেছিলেন। পরবর্তী সময়ে সাধারণ কেয়ারটেকার পদে পুনরায় আবেদন করার সময় তিনি আগের চাকরির তথ্য গোপন করেন। 

একই সাথে নির্ধারিত দূরত্বের নিয়ম ভঙ্গ করা এবং তাঁর দাখিলকৃত শিক্ষাগত যোগ্যতার সনদ ভুয়া প্রমাণিত হওয়ায় প্রকল্প পরিচালক এস এম তরিকুল ইসলাম তাঁর নিয়োগ বাতিল করেন। কেন্দ্রীয় শুনানির মাধ্যমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমান উপপরিচালক মোছাদ্দিকুল আলম জানান, পূর্বের কর্মকর্তার আমলে ওই নিয়োগ সম্পন্ন হওয়ায় তাঁর পক্ষে এর সত্যতা যাচাই করার সুযোগ ছিল না।

স্থানীয় বাসিন্দারাও জানান যে ভুয়া তথ্যের আশ্রয় নেওয়ায় দাপ্তরিকভাবে নিয়োগ বাতিল হয়েছে, যার ক্ষোভ থেকে ওই প্রার্থী এখন ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। দাপ্তরিক গেস্ট রুম ব্যবহারের বিষয়ে উপপরিচালক স্পষ্ট করেন যে সরকারি নিয়ম ও কাজের চাপ বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই এটি ব্যবহৃত হয়। অতীতে দালাল চক্রের দৌরাত্ম্য বন্ধ করে স্বচ্ছ প্রক্রিয়ায় শিক্ষক ও কেয়ারটেকার নিয়োগ সম্পন্ন হওয়ায় একটি কুচক্রী মহল এই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে দাবি করা হয়েছে।