বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

১০৫ বছর বয়সেও সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ বারীর

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৮, ২০২৬, ০৬:৫৯ পিএম

১০৫ বছর বয়সেও সাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ বারীর

চুয়াডাঙ্গায় ১০৫ বছর বয়সেও জীবিকার তাগিদে প্রতিদিন সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন আব্দুল বারী। মানুষের ফেলে দেওয়া বা নষ্ট হাঁড়ি-পাতিল মেরামতের কাজ করে যা আয় হয়, তা দিয়েই চলে তাঁর একাকী জীবন। এই অসহায় বৃদ্ধের জীবনসংগ্রামের খবর পেয়ে মঙ্গলবার তাঁর সাহায্যে এগিয়ে এসেছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। সাইকেলের চাকা থেমে গেলেই নিভে যায় তাঁর ঘরের উনুন।

সদর উপজেলার কবিখালি গ্রামের বাসিন্দাদের কাছে তিনি মূলত ঝালাইকার আব্দুল বারী নামেই পরিচিত। প্রতিদিন কাজ শেষে কেউ ১০ টাকা, কেউ বা ২০ টাকা দেন। এই সামান্য উপার্জন দিয়েই চাল-ডাল কিনে নিজে রান্না করে খান তিনি। তিনি নিজের বয়স ১১৫ বছর বলে দাবি করলেও, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তাঁর জন্ম ১৯২১ সালে, অর্থাৎ তাঁর বর্তমান বয়স ১০৫ বছর।

বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও কারও কাছে হাত পাততে নারাজ এই বৃদ্ধ। একসময় ঘরজামাই হিসেবে চুয়াডাঙ্গায় এসেছিলেন ঝিনাইদহ জেলার দত্তনগর গ্রামের সন্তান আব্দুল বারী। ৫ বছর আগে স্ত্রী মারা যাওয়ার পর থেকে তিনি সম্পূর্ণ একা হয়ে পড়েন। দুই মেয়ের নিজেদের সংসার চালাতেই হিমশিম অবস্থা, তাই বাবার দায়িত্ব নেওয়া তাঁদের পক্ষে কঠিন। 

নিজের কোনো ভিটেমাটি না থাকায় কবিখালি গ্রামে অন্যের জমিতে একটি ছোট্ট টিনের ঘর তুলে দিন পার করছেন তিনি। মানবিক এই খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিনে তাঁর খোঁজ নিতে ছুটে যান। প্রশাসন থেকে তাঁকে তাৎক্ষণিক কিছু সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আব্দুল বারী বর্তমানে সরকারি বয়স্ক ভাতা পাচ্ছেন, তবে তাঁর জীবনযাপনের জন্য তা পর্যাপ্ত নয়। জমির মালিক যদি লিখিত চুক্তিপত্রের মাধ্যমে তাঁকে আজীবন থাকার অনুমতি দেন, তবে সরকারি বরাদ্দের মাধ্যমে তাঁকে একটি স্থায়ী ঘর নির্মাণ করে দেওয়া হবে। আগামী দিনের সরকারি প্রকল্প থেকে তাঁর জন্য নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।