শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

নারায়ণগঞ্জে শুভর মরদেহ দাফন নিয়ে আইনি লড়াই

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৬, ০২:১৭ পিএম

নারায়ণগঞ্জে শুভর মরদেহ দাফন নিয়ে আইনি লড়াই

ছবি :সংগ্রহীত

নারায়ণগঞ্জে নিহত শুভ ওরফে বিল্লালের শেষকৃত্য নিয়ে জটিলতা দেখা দেওয়ায় তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। দাফন নাকি দাহ করা হবে—এই প্রশ্নের সুরাহা করতে বিষয়টি এখন আদালতের বিবেচনায় রয়েছে।

হত্যাকাণ্ডের পাঁচ দিন পার হলেও ধর্মীয় পরিচয়ের দ্বন্দ্বে শেষকৃত্য আটকে আছে। শুভর বাবা হরি চন্দ্র দাসের দাবি, তার ছেলে জন্মসূত্রে হিন্দু, তাই সনাতন রীতি অনুযায়ী মরদেহ দাহ করতে হবে। অন্যদিকে মা আয়েশা বেগম বলছেন, ছেলে অনেক আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মফিজুর রহমান জানান, ২০০৩ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদের পর শুভ ও তার মা ধর্মান্তরিত হন। হলফনামার মাধ্যমে তিনি ‘বিল্লাল’ নাম গ্রহণ করেছিলেন এবং মুসলিম রীতিতে তার বিয়ে হয়।

তার স্ত্রী জ্যুথিও মুসলিম এবং তাদের একটি সন্তান রয়েছে। শুভর ভাই ইব্রাহিম জানান, তারা দুই ভাই একসঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং স্থানীয় মাদরাসায় পড়াশোনাও করেছেন। এই পরিস্থিতিতে আদালত যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজেদুর রহমান জানান, দুই পক্ষের দাবির কারণে তারা আদালতের দ্বারস্থ হয়েছেন এবং আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাত সোয়া ১টার দিকে শহরের চাষাড়া হকার্স মার্কেটের পেছনে শুভকে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা ও ১০০টি ইয়াবা উদ্ধার করে। এই ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যেই তিনজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন সুমন, সিয়াম আহমেদ সিজান ও সোহান। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ইয়াবার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।