বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ২ নম্বর ইউনিট বন্ধ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১১:৪৫ পিএম

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ২ নম্বর ইউনিট বন্ধ

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম দিনাজপুর টিভি ডট কম-কে জানান, রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবেই ইউনিটটি সাময়িক বন্ধ রাখা হয়েছে। সাধারণত বিদ্যুৎকেন্দ্রের কোনো ইউনিট বন্ধ হলে তা পরিদর্শন ও কারিগরি মেরামতের উপযোগী করতে প্রথমে ঠান্ডা বা কুল ডাউন করার প্রয়োজন পড়ে। বর্তমানে সেই প্রাথমিক প্রক্রিয়াটি চলছে। 

ত্রুটি পরীক্ষা করতে ভারত থেকে দুজন বিশেষজ্ঞ প্রকৌশলী আসার কথা রয়েছে এবং তারা সরেজমিন পরিদর্শনের পরই জানা যাবে ইউনিটটি ঠিক কবে নাগাদ উৎপাদনে ফিরতে পারবে। কয়লা সংকটের কারণে সম্প্রতি কয়েক দিন বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন কিছুটা কমিয়ে রাখা হয়েছিল। তবে প্রয়োজনীয় জ্বালানি কয়লার সরবরাহ স্বাভাবিক হওয়ায় কেন্দ্রটি পুরোদমে উৎপাদনে ফিরেছিল। দুটি ইউনিট একসাথে সচল থাকলে জাতীয় গ্রিডে কেন্দ্রটি থেকে প্রতিদিন এক হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট হিসেবে পরিচিত এই বিদ্যুৎকেন্দ্রটির মোট সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট। এতে ৬৬০ মেগাওয়াট ক্ষমতার দুটি পৃথক ইউনিট রয়েছে। দুটি ইউনিট একসঙ্গে চললে এক হাজার ১০০ থেকে এক হাজার ২০০ মেগাওয়াট এবং একটি ইউনিট চালু থাকলে সাধারণত ৫৫০ থেকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব হয়।