শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

ইএসডিও ট্রেনিং সেন্টার পরিদর্শনে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:০৭ পিএম

ইএসডিও ট্রেনিং সেন্টার পরিদর্শনে ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব

লালমনিরহাটে অবস্থিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ট্রেনিং সেন্টারের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সরেজমিনে পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। রোববার (১৩ সেপ্টেম্বর) তিনি প্রতিষ্ঠানটিতে উপস্থিত হয়ে চলমান উন্নয়নমূলক উদ্যোগ, অবকাঠামোগত সুবিধা এবং দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং মানবসম্পদ উন্নয়নে এই ধরনের প্রাতিষ্ঠানিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে অংশ নেন ইএসডিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক মো. মমিনুল হক এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস। এছাড়া উপস্থিত ছিলেন পিকেএসএফ-এসইআইপি কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার আরিফ হোসেন, সংস্থার মাঠ কার্যক্রমের প্রধান মো. তোফাজ্জল হোসেন এবং ক্ষুদ্রঋণ বিভাগের প্রধান মো. মাহবুবুল হকসহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তারা।

অতিথিরা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এসআইসিআইপি প্রকল্পের আওতায় পরিচালিত বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ সরাসরি প্রত্যক্ষ করেন। এর মধ্যে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস, অটোমেকানিক্স এবং ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বিষয়ক চলমান ব্যাচগুলোর শিক্ষার্থীদের কাজ ঘুরে দেখা হয়। প্রশিক্ষণার্থীদের সক্রিয় অংশগ্রহণ ও প্রশিক্ষণের মান দেখে উপস্থিত অতিথিরা সন্তোষ প্রকাশ করেন।

অনুষ্ঠানে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড, দীর্ঘদিনের অগ্রগতি এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থার ইতিবাচক অবদান সম্পর্কে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। পরিদর্শন শেষে মন্ত্রী পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের বার্তা দিয়ে কেন্দ্র চত্বরে একটি গাছের চারা রোপণ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন।