সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৬:১৬ পিএম
রেলকর্মীকে মারধরের অভিযোগ ওঠার পর নিরাপত্তার দাবিতে প্রায় দেড় ঘণ্টা টিকিট বিক্রি বন্ধ রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া স্টেশনের কর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে এই ঘটনা ঘটে। তিতাস কমিউটার ট্রেনের কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজীব এবং বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় স্থানীয় পৌর যুবদলের এক নেতার বিরুদ্ধে রেলওয়ে পুলিশে মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হয়েছে।
হঠাৎ টিকিট বিক্রি বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।
আহত রেলকর্মীদের ভাষ্যমতে, ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ট্রেনটির টিকিট বিক্রির এজেন্টশিপ নেওয়ার চেষ্টা চালাচ্ছিলেন, যাতে ইজারাদার প্রতিষ্ঠান রাজি হয়নি। সোমবার সকালে সানি তার পরিচিত একজনের জন্য দুটি টিকিট চেয়ে বুকিং ক্লার্ক কাউসারকে ফোন করেন। এরপর কাউসার স্টাফ রুম থেকে কাউন্টারে যাওয়ার পথে স্টেশনে থাকা টিকিট কালোবাজারিদের একাংশের দ্বারা হেনস্তার শিকার হন। পরবর্তীতে যুবদল নেতা সানি মুঠোফোনে বারবার চেষ্টা করলেও পরিস্থিতির কারণে কাউসার ফোন ধরতে পারেননি। এর কিছুক্ষণ পরই সানি দলবল নিয়ে সরাসরি কাউন্টারে প্রবেশ করেন এবং বাগবিতণ্ডার একপর্যায়ে কাউসার ও ব্যবস্থাপক সজীবকে চড়-থাপ্পড় মেরে লাঞ্ছিত করেন বলে কর্মচারীরা অভিযোগ তোলেন।
এই ঘটনার পর চরম নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে টিকিট বিক্রির সব কার্যক্রম বন্ধ করে দেন দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা। এর ফলে ঢাকা ও অন্যান্য গন্তব্যের যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হয়। প্রায় দেড় ঘণ্টা পর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে কাউন্টারের কার্যক্রম স্বাভাবিক করা হয়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শাহ আলম মিয়া জানান, ভুক্তভোগীরা ফাঁড়িতে এসে ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তবে মারধরের এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত যুবদল নেতা নাজমুল হুদা সানি। তার দাবি, স্টেশনের কাউন্টার থেকে অতিরিক্ত মূল্যে কালোবাজারিদের হাতে টিকিট তুলে দেওয়া হচ্ছে এমন খবর পেয়ে তিনি সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন এবং কাউকে কোনো ধরনের মারধর করা হয়নি। এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা জানান, স্টেশনে একটি অপ্রীতিকর ঘটনার খবর তারা পেয়েছেন এবং দলীয় নেতা জড়িত থাকার সত্যতা নিশ্চিত হলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে যথাযথ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন