মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
সাভারে পুলিশের অভিযান

সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক ও নারী গ্রেপ্তার

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০১:৩৬ পিএম

সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক ও নারী গ্রেপ্তার

সাভারে মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক চীনা নাগরিকসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযানের সময় ওই কারখানা থেকে ১৫ লিটার বাংলা মদ ও মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি এলাকার একটি বহুতল আবাসিক ভবনে এই অভিযান চালানো হয়। ভবনটির নাম গ্রিন টাওয়ার। ১০ তলা ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাটে গোপনে এই মদ তৈরি করা হচ্ছিল। মঙ্গলবার সকালে সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৫৩ বছর বয়সী চীনা নাগরিক লি ডাম্পে এবং ৩৫ বছর বয়সী চম্পা বেগম।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে গভীর রাতে গ্রিন টাওয়ারের চতুর্থ তলায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে ফ্ল্যাটের ভেতরে দেশীয় মদ উৎপাদনের কারখানা গড়ে তোলা হয়েছিল। ঘটনাস্থল থেকে ১৫ লিটার বাংলা মদ এবং মদ তৈরির নানা উপকরণ জব্দ করা হয়। ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে ওই চীনা নাগরিক ও এক নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মো. মহিদ জানান, মদ তৈরির সরঞ্জাম ও ১৫ লিটার মদসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন বিদেশি নাগরিক রয়েছেন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।