মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
দুর্যোগ প্রশমন দিবস

চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে হুইপ আখতারুজ্জামান মিয়া

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০২:১১ পিএম

চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে হুইপ আখতারুজ্জামান মিয়া

দিনাজপুরের চিরিরবন্দরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক অগ্নিনির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়। এ বছর দিবসটির জাতীয় প্রতিপাদ্য তুলে ধরা হয় ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ আখতারুজ্জামান মিয়া। তিনি রংপুর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালনা বোর্ডের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে আলোচনা সভায় মিলিত হয়।

দুর্যোগকালীন তাৎক্ষণিক উদ্ধার কার্যক্রম ও ঝুঁকি কমাতে স্থানীয় ফায়ার সার্ভিসের অংশগ্রহণে এক বিশেষ মহড়া প্রদর্শন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি প্রস্তুতির পাশাপাশি পারিবারিক সচেতনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিটি পরিবার দুর্যোগ মোকাবিলায় সচেতন হলে জাতীয় পর্যায়ে ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন অংশ নেন।