মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
দ্বিপাক্ষিক কূটনৈতিক বৈঠক

আরব আমিরাতে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে মাহ্দী আমিনের বৈঠক

স্বাস্থ্য ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০২:১৪ পিএম

আরব আমিরাতে শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে মাহ্দী আমিনের বৈঠক

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের শ্রমবাজার সম্প্রসারণ ও নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিনের সাথে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদি। রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্বকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে সুসংহত হয়েছিল, বৈঠকে তা গুরুত্বের সাথে স্মরণ করা হয়।

সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

সেই শীর্ষ আলোচনার ধারাবাহিকতায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নেওয়া, জনগণের সাথে জনগণের সরাসরি যোগাযোগ বাড়ানো এবং মধ্যপ্রাচ্যের এই দেশটিতে বাংলাদেশি শ্রমবাজার প্রসারে বিস্তারিত কথা হয়। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি কর্মীদের জন্য ট্যাক্সি ড্রাইভার ও ট্রাক ড্রাইভারের পেশায় কাজের সুযোগ তৈরি এবং সে দেশে আরও বেশি দক্ষ শ্রমিক প্রেরণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।

এর পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে আমিরাতের সরাসরি বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন সম্ভাবনা নিয়েও আলোচনা এগিয়ে নেওয়া হয়।

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট এসব ক্ষেত্রে বিদ্যমান অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুই দেশের অংশীদারত্ব আরও কার্যকর করার বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করেছে।