মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
ডেঙ্গু প্রতিরোধে নির্দেশনা

ডেঙ্গু প্রতিরোধে খুতবা ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৩:৪৬ পিএম

ডেঙ্গু প্রতিরোধে খুতবা ও মাইকিংয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় নিয়মিত মাইকিং এবং জুমার নামাজের খুতবায় সচেতনতামূলক বার্তা প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৩ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক এক বিশেষ সভায় তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন।

সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী কয়েক মাসের কৌশলগত গুরুত্ব বিশদভাবে তুলে ধরা হয়। সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে বিচ্ছিন্নভাবে নয়, বরং সমন্বিতভাবে মাঠপর্যায়ে কাজ করার কড়া তাগিদ দেন প্রধানমন্ত্রী।

বিশেষ করে যেসব এলাকায় আক্রান্তের হার আশঙ্কাজনকভাবে বেশি, সেখানে প্রতিরোধমূলক তৎপরতা দ্রুত জোরদার করতে বলা হয়েছে। এই কার্যক্রমে স্থানীয় জনগণের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।

পাড়া-মহল্লায় সচেতনতামূলক মাইকিং জোরদারের পাশাপাশি মসজিদের জুমার খুতবায় ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও পরিচ্ছন্নতার ধর্মীয় দিকগুলো মুসল্লিদের সামনে তুলে ধরার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক কোয়ার্টার ও হাসপাতাল চত্বর নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কঠোর নির্দেশ দেওয়া হয়।

ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভা নিধনে সংশ্লিষ্ট সেবামূলক সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বাড়িয়ে মাঠপর্যায়ে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার তাগিদ এসেছে সভা থেকে।