অক্টোবর ১৩, ২০২৬, ০৩:৫৬ পিএম
দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের পাশের একটি নয়নজুলি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা দুইটার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জ থানাধীন দলার দরগাহ বাজারের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নবাবগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা গেছে, সড়কের পাশের খাদে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মরদেহটি অন্তত পাঁচ থেকে ছয় দিন আগের।
মৃত ব্যক্তির মুখে পাকা দাড়ি ও মাথায় পাকা চুল রয়েছে। উদ্ধারের সময় মরদেহের শরীরে কোনো পোশাক ছিল না। তবে ঘটনাস্থলের পাশেই পড়ে থাকা একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি জব্দ করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক মাহমুদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় তৎপরতা চালানো হচ্ছে এবং মরদেহটি ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে ওই এলাকায় এক বৃদ্ধ ব্যক্তিকে চলাফেরা করতে দেখা গিয়েছিল। উদ্ধার হওয়া মরদেহটি সেই বৃদ্ধের হতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন। তবে তার পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য মেলেনি।
মরদেহটির সঠিক পরিচয় শনাক্ত করতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন