মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,
জাতীয় রাজনীতি

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই জানালেন জাহেদ

জাতীয় ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৪:১০ পিএম

আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নেই জানালেন জাহেদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে কোনো ধরনের সমঝোতার সম্ভাবনা নেই বলে সাফ জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

দলটির নেতাকর্মীদের মাঝে কোনো অনুতপ্তবোধ নেই উল্লেখ করে সরকারের এমন কঠোর অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে উপদেষ্টা উল্লেখ করেন, বিদেশে ডক্টর মুহাম্মদ ইউনূসসহ বাংলাদেশের নাগরিকদের ওপর যেসব হামলার ঘটনা ঘটছে, সেগুলোর সাথে জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা হচ্ছে। এসব অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে সরকার আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সরকারের অবস্থান স্পষ্ট করেন জাহেদ উর রহমান।

তিনি জোর দিয়ে বলেন, কোনো প্রতিশোধমূলক মনোভাব থেকে নয়, বরং আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা নিশ্চিত করতেই শেখ হাসিনাকে দেশে ফেরত চায় ঢাকা।