অক্টোবর ১২, ২০২৬, ০৯:৫২ পিএম
ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর চলমান ডেইরি ভ্যালুচেইন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।
পিকেএসএফ-এর সাধারণ পর্ষদ সদস্য মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর ব্যবস্থাপক (কার্যক্রম) মো. শাহারিয়ার হায়দার এবং ভ্যালুচেইন স্পেশালিস্ট মো. এরফান আলী। মাঠপর্যায়ের সফল উদ্যোক্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন প্রতিনিধিরা।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা ডেইরি ভ্যালুচেইন প্রকল্পের আওতায় বাস্তবায়িত উন্নত জাতের ঘাস চাষ, আধুনিক পদ্ধতিতে সাইলেজ তৈরি, কাঁচা দুধ সংগ্রহ কেন্দ্র, মোজারেলা চিজ তৈরির কারখানা এবং স্থানীয় ঘাসের বাজার ঘুরে দেখেন। পাশাপাশি তাঁরা তৃণমূলের ডেইরি খামারিদের খামারে যান এবং খামারিদের অভিজ্ঞতা, সাফল্য ও বিভিন্ন প্রতিকূলতার খোঁজখবর নেন।
টেকসই গো-খাদ্যের সরবরাহ নিশ্চিত করা, স্বাস্থ্যসম্মত ও মানসম্মত দুধ উৎপাদন বাড়ানো এবং দুগ্ধজাত পণ্যে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মূল্য সংযোজন করাই এই কর্মসূচির লক্ষ্য।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ন্যায্য বাজারমূল্য নিশ্চিতের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তাদের পারিবারিক আয় বৃদ্ধি ও জীবনযাত্রার মানোন্নয়নে এই সমন্বিত ডেইরি কার্যক্রম বিশেষ ভূমিকা রাখছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন