অক্টোবর ১২, ২০২৬, ১০:২৩ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকে আগামী ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।ছুটির পরবর্তী দুই দিন যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে পূজায় টানা পাঁচ দিন ব্যাংক লেনদেন বন্ধ থাকবে। রোববার (১১ অক্টোবর) রাতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা সার্কুলার আকারে জারি করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক (এসডিএডি) মো. আব্দুল মান্নানের স্বাক্ষরে জারি করা ওই নির্দেশনায় বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ৭ অক্টোবরের প্রজ্ঞাপনের ধারাবাহিকতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) দেশে কার্যরত সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এর বিপরীতে আগামী ১৭ অক্টোবর শনিবার দেশের সব তফসিলি ব্যাংক স্বাভাবিক কার্যদিবসের সময়সূচি মেনে খোলা রাখা হবে।
টানা ছুটির মধ্যেও আমদানি-রপ্তানি সচল রাখতে সীমিত পরিসরে কাস্টমস এলাকার ব্যাংকিং সেবা চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সার্কুলারে আরও উল্লেখ করা হয়, সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো সপ্তাহে সাত দিন চব্বিশ ঘণ্টা চালু রাখার ২০১৯ সালের ৫ আগস্টের জারি করা নির্দেশনা অনুসারে কাজ করবে। এর আওতায় ২০ থেকে ২২ অক্টোবরের সরকারি ছুটি এবং পরবর্তী ২৩ ও ২৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটির দিনেও বৈদেশিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে আমদানি ও রপ্তানি সংশ্লিষ্ট কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার স্থানীয় প্রশাসন এবং বন্দর বা শুল্ক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যাংকগুলো তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই সার্বিক নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন