বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জলবায়ু সুশাসনে প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৮:৩৯ পিএম

জলবায়ু সুশাসনে প্রশিক্ষণ সহায়িকা কর্মশালা

জলবায়ু সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে একটি বিশেষ প্রশিক্ষণ সহায়িকা যাচাইকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা শহরের ইএসডিও জলেশ্বরী কার্যালয় প্রাঙ্গণে এই কর্মশালার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়ন করে এবং এতে সার্বিক সহযোগিতা প্রদান করে হেলভেটাস বাংলাদেশ।

স্থানীয় সরকারের সক্ষমতা জোরদারই এর মূল লক্ষ্য। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহায়তায় পরিচালিত ‍‍`অ্যাকসেস‍‍` প্রকল্পের আওতায় স্থানীয় বাস্তবতার সঙ্গে সংগতি রেখে এই মানসম্মত প্রশিক্ষণ সহায়িকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ পরামর্শক প্রতিষ্ঠান নলেজ ডিসকভারি কনসালটিং লিমিটেডের সহযোগিতায় নথিটি প্রণয়ন করা হয়। এই নির্দেশিকায় জাতীয় ও খাতভিত্তিক পরিবেশ নীতি, জলবায়ু সুশাসন, প্রাকৃতিক ক্ষয়ক্ষতি এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সংক্রান্ত জটিল বিষয়গুলো অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় সাজানো হয়েছে। এর ফলে তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধিরা পরিবেশগত সংকটগুলো সহজে উপলব্ধি করে নিজ নিজ এলাকায় কার্যকর ব্যবস্থা গ্রহণে সক্ষম হবেন।

দিনব্যাপী কর্মশালায় প্রণীত সহায়িকার বিভিন্ন অধ্যায় ও বিষয়বস্তু বিশদভাবে পর্যালোচনা করা হয়। মাঠপর্যায়ের বাস্তবতা, ভৌগোলিক চাহিদা ও জনগণের প্রকৃত প্রয়োজনের আলোকে সহায়িকাটিকে আরও উপযোগী করে তুলতে উপস্থিত অংশীজনদের মূল্যবান মতামত ও পর্যবেক্ষণ নথিভুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মন্ডল, হেলভেটাস বাংলাদেশের প্রতিনিধি মো. আয়াতুল্লাহ আল মামুন এবং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রেজা। এছাড়া জেলা জলবায়ু পরিষদের সদস্যবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ও প্রশাসনিক কর্মকর্তারা আলোচনায় সক্রিয় অংশ নেন। আয়োজকেরা জানান, কর্মশালায় প্রাপ্ত গঠনমূলক সুপারিশগুলো অন্তর্ভুক্ত করে এই প্রশিক্ষণ সহায়িকাকে দ্রুত চূড়ান্ত রূপ দেওয়া হবে।