বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

কুড়িগ্রামে সীড্স প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৩:৪৭ পিএম

কুড়িগ্রামে সীড্স প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

কুড়িগ্রামের চিলমারী ও রাজারহাট উপজেলায় বাস্তবায়নাধীন ‘মর্যাদাপূর্ণ ও স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন’ বা সীড্স কর্মসূচির মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। নরওয়েভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা স্ট্রমী ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় উন্নয়ন সংগঠন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিও প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুই দিনব্যাপী এই পর্যবেক্ষণে অংশ নেন স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের গবেষণা ও মূল্যায়ন ব্যবস্থাপক রাহুল কান্তি বড়ুয়া।

মাঠপর্যায়ের ইতিবাচক সামাজিক রূপান্তর সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি। সফরের প্রথম দিনে তিনি চিলমারী ও রাজারহাটের স্থানীয় সংলাপ ফোরামের কেন্দ্রগুলো পরিদর্শন করেন। সেখানে কিশোরীদের জীবনদক্ষতা উন্নয়ন, স্বাবলম্বী হওয়ার নানা প্রশিক্ষণ এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়।

ফোরামের সাবেক ও বর্তমান সদস্যরা তুলে ধরেন কীভাবে তারা বাল্যবিয়ে প্রতিরোধে ঐক্যবদ্ধ ভূমিকা রাখছেন এবং সমাজে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরিতে নেতৃত্ব দিচ্ছেন। এ সময় কিশোরীদের পরিবেশিত সাংস্কৃতিক আয়োজন এবং গঠনমূলক আলোচনা অতিথিদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। দ্বিতীয় দিনে কমিউনিটি বেইজড অর্গানাইজেশনের স্বাবলম্বী নারী ও পুরুষ সদস্যদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

উপস্থিত সদস্যরা নিজেদের হাতে তৈরি চিত্রভিত্তিক উপস্থাপনার মাধ্যমে নিজস্ব সঞ্চয় বৃদ্ধি, আয়বর্ধক নানা উদ্যোগ, আধুনিক কৃষি পদ্ধতিতে শাক-সবজির আবাদ এবং গবাদিপশু পালনের সফলতার তথ্য বিস্তারিত জানান। একই সাথে সরকারি বিভিন্ন দপ্তর থেকে সেবা গ্রহণ এবং নদীভাঙন কবলিত এই অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার স্থানীয় কৌশলগুলো তুলে ধরা হয়।

পরবর্তীতে তিনি প্রকল্পের আওতাভুক্ত যুবদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও স্বকর্মসংস্থানের স্থানগুলো পরিদর্শন করেন। সেখানে তরুণদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও স্থায়ী জীবিকায়নের বাস্তব অগ্রগতি পর্যালোচনা করা হয়।