সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১০:১২ পিএম
পঞ্চগড়ে চারলেন সড়কের ইউড্রেন নির্মাণকাজে নিম্নমানের ইটের ব্যবহার ও স্যাঁতসেঁতে পানিতে কাজ করার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে পঞ্চগড় পৌরসভার ডোকরোপাড়া এলাকায় পঞ্চগড় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে এ ঘটনা ঘটে।
পরে বিষয়টি জানাজানি হওয়ার পর সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে ব্যবহৃত নিম্নমানের ইট দ্রুত সরিয়ে নেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ড্রেন নির্মাণ কাজটি করছে পঞ্চগড় সড়ক ও জনপথ বিভাগ। তবে দিনেদুপুরে প্রকাশ্যে পঞ্চগড় শহরের প্রধান সড়কের পাশে এত অনিয়ম করে ড্রেন নির্মাণের সাহস দেখানোয় ক্ষুব্ধ সচেতন মহলের মানুষজন। তাদের দাবি সড়ক বিভাগ অনৈতিক সুবিধা না আদায় করলে প্রকাশ্যে অনিয়ম করে কীভাবে পার পেয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, ড্রেন নির্মাণকাজে সবচেয়ে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছিল। যে ধরনের ইট মানুষ সহজে বাসাবাড়িতেও ব্যবহার করেন না। তবে বিষয়টি তারা সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনকে জানালেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে নির্মাণকাজে থাকা নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়ার চেষ্টা করেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। নির্মাণকাজের মান যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। সচেতন মহলের নাগরিক হাসানুজ্জামান পলাশ বলেন, চারলেন সড়কের পাশে এত বড় অনিয়ম আসলে মানার মতো নয়। তারা কীভাবে দিনেদুপুরে এত বড় অনিয়ম করতে পারে। আমরা চাই ড্রেনের কাজ ভালো মানের হোক। কেউ যেন অনিয়ম করার সাহস না পায়।
আলমগীর হোসেন নামে এক হোটেল মালিক বলেন, তারা ড্রেন নির্মাণ করছে এখানে। কেউ বলছে ৬ ফুট আবার কেউ বলছে ৫ ফুট ১১ ইঞ্চি। আসলে পানি নিষ্কাশন কীভাবে হবে, এর প্রস্থ, উচ্চতা কত তারা ঠিকমতো বলতে পারছে না। এখানে দিনেদুপুরে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার সত্যিই দুঃখজনক। আমরা এটা সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তবে চারলেন সড়কের দেখাশোনা করছেন পঞ্চগড় সড়ক বিভাগের কার্যসহকারী মোজাফফর হোসেন। তার দাবি দুপুরে খাবার খেতে যাওয়ার সুযোগে তারা নিম্নমানের ইট ফেলেছে। তবে কেন ইটগুলো নিয়ে যাওয়া হচ্ছে এমন প্রশ্নে তিনি বলেন ইটগুলো নিম্নমানের তাই নিয়ে যাওয়া হচ্ছে। পঞ্চগড় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোতাহার হোসেন বলেন, ঘটনার পর আমরা ঘটনাস্থলে নির্বাহী প্রকৌশলীসহ গিয়েছিলাম। কাজে কিছুটা ত্রুটি হওয়ায় সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। তবে প্রকাশ্যে ড্রেন নির্মাণে নিম্নমানের ইট কীভাবে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণ করছে ও সড়ক বিভাগ ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে অসহায় কি না এ প্রশ্নে তিনি বলেন, এখানে কোনো রাজনৈতিক চাপ নেই। আমরা তাদেরকে বলেছি ভালোভাবে কাজ করার জন্য। আমরা কাজগুলো নিয়মিত দেখাশোনা করছি।
উল্লেখ্য, পঞ্চগড় চৌরঙ্গী মোড় থেকে যুব উন্নয়ন পর্যন্ত তিন কিলোমিটার সড়ক চারলেনে উন্নীত করতে ৫০ কোটি টাকা ব্যয় করছে সড়ক বিভাগ। এতে সড়ক বিভাজক, ড্রেন নির্মাণ, গাছ লাগানোসহ সৌন্দর্যবর্ধন কাজ করা হবে বলে জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন