নভেম্বর ১৮, ২০২৬, ০৯:৫৪ এএম
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ঘুমন্ত অবস্থায় মো. সিয়াম নামের এক হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত পৌনে চারটার দিকে এই নাশকতার ঘটনা ঘটে। নিহত সিয়ামের বয়স পঁচিশ বছর এবং তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে গভীর রাতে বরিশাল মালিক সমিতির `বাহক` এবং ঝালকাঠি মালিক সমিতির `লিসা` নামের দুটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। হঠাৎ বাসে আগুন জ্বলতে দেখে সেখানে টহলরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তৎপর হন। পুলিশ আশপাশের অন্যান্য বাসে ঘুমিয়ে থাকা লোকজনকে দ্রুত জাগিয়ে তুলে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পরে আগুন সম্পূর্ণ নিভে যাওয়ার পর `বাহক` বাসের ভেতর থেকে পুড়ে যাওয়া সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে দুটি বাসেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এলাকা ঘুরে দেখেছেন।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জগলুল হাসান জানান, দুটি বাসে আগুন দেওয়ার এই ঘটনায় একজনের প্রাণহানি ঘটেছে। কারা বা কী উদ্দেশ্যে এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছ, তা এখনো জানা যায়নি। এই আকস্মিক অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন দেওয়ার মূল কারণ উদঘাটনে পুলিশ ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্ত চলছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন