বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপর অন্য দেশ : ফরিদা আখতার

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৭:২৫ পিএম

আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপর অন্য দেশ : ফরিদা আখতার

ছবি - সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ইলিশ রপ্তানির আগে দেশের মানুষের চাহিদা নিশ্চিত করা হবে। দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে ১২০০ টন ইলিশ পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে তিনি এই মন্তব্য করেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি বলেন, "আমি আগেও বলেছি এখনো বলছি, আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপরে অন্য দেশ।"

ফরিদা আখতার বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে ইলিশ পাঠাতে হয়েছে, তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছিল। এবারের রপ্তানিতে দামও বাড়িয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।

অবৈধ রিং জালের ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, শুধু জেলেদের বিরুদ্ধে নয়, এই জাল উৎপাদনকারী ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হচ্ছে। তিনি জানান, এই ধরনের অবৈধ কাজে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আবদুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা এবং পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।