সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০৭:২৩ পিএম
উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতের কারণে আবারও ফুঁসে উঠেছে দেশের অন্যতম বৃহৎ নদী তিস্তা। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অবস্থিত দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বর্তমানে বিপৎসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
কয়েক দিন ধরে তিস্তার পানির স্তর ওঠানামা করছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২.১২ সেন্টিমিটার, যেখানে স্বাভাবিক মাত্রা ৫২.১৫ মিটার। এর আগে বিকেল ৩টায় পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে ছিল, অর্থাৎ মাত্র ৩ ঘণ্টার ব্যবধানে পানির স্তর ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি বাড়ছে। এদিকে, তিস্তা ডালিয়া পয়েন্টের পানি পরিমাপক নুরুল ইসলাম বলেন, পানি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বিভিন্ন ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। এতে ওই এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষজন পানিবন্দি হয়ে দুর্ভোগে পড়েছে। নদী তীরবর্তী এবং চরাঞ্চলে বসবাসরত মানুষের মধ্যে বন্যা এবং নদীভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। লালমনিরহাট জেলার হাতীবান্ধার ৬টি ইউনিয়ন, পাটগ্রামের দহগ্রাম, আদিতমারীর চর গোবর্ধন এবং সদর উপজেলার কয়েকটি চরাঞ্চল ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন