রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গাইবান্ধায় কারাবন্দীর মৃত্যু: পরিবারের অভিযোগ

মোস্তাফিজুর রহমান

সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৭:২৭ পিএম

গাইবান্ধায় কারাবন্দীর মৃত্যু: পরিবারের অভিযোগ

ছবি-দিনাজপুর টিভি

গাইবান্ধা জেলা কারাগারে বন্দী অবস্থায় আবু বক্কর সিদ্দিক মুন্না (৬৮) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত গাইবান্ধা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু বক্কর সিদ্দিক মুন্না গাইবান্ধা সদর উপজেলার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। তিনি ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

গাইবান্ধা জেলা কারাগারের জেলার মো. আতিকুর রহমান জানান, মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল এবং চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্টের রোগী ছিলেন। জেলা কর্তৃপক্ষের দাবি, তার চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হয়নি।

এদিকে, নিহতের পরিবারের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছিল। তার ছেলে সৌমিক বলেন, "বাবা অনেকদিন রাজনীতি থেকে দূরে ছিলেন। অসুস্থ থাকা সত্ত্বেও কারাগারে তাকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়নি এবং নির্যাতন করা হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।"

তিনি আরও জানান, মুন্নাকে প্রথমে একটি মামলায় গ্রেফতার করা হয়। জামিন পাওয়ার পর জেলগেট থেকে পুলিশ তাকে আরেকটি মামলায় পুনরায় গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারেই ছিলেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তার মরদেহ গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।