রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পাবনায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস: ৫ ঘণ্টা পর সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৩৯ এএম

পাবনায় লাইনচ্যুত পঞ্চগড় এক্সপ্রেস: ৫ ঘণ্টা পর সারাদেশে রেল যোগাযোগ স্বাভাবিক

ছবি - সংগৃহীত

পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ ছিল। প্রায় ৫ ঘণ্টা পর সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হওয়ার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় ৫ থেকে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা ও উত্তরাঞ্চলগামী বিভিন্ন ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া স্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় ভোররাতে লাইনচ্যুত হয়। ভাঙ্গুড়া স্টেশনের স্টেশন মাস্টার মো. আরিফুল ইসলাম জানান, সিগন্যাল অমান্য করে ড্রাইভার ট্রেনটিকে দ্রুত গতিতে নিয়ে যাওয়ার চেষ্টা করলে লুপ লাইন থেকে প্রধান লাইনে উঠতেই এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। দীর্ঘ উদ্ধার তৎপরতা শেষে সকাল ৯টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ে পাকশীর বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন নিশ্চিত করেন, উদ্ধার কাজ শেষ হয়েছে এবং বর্তমানে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় ভাঙ্গুড়া স্টেশনের দুই পাশে একতা এক্সপ্রেস, বুড়িমারী এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস সহ অন্তত ৬টি ট্রেন আটকা পড়েছিল, যা সারাদেশের রেলযাত্রীদের ভোগান্তিতে ফেলে। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় এখন আটকে পড়া ট্রেনগুলো গন্তব্যের দিকে রওনা দিয়েছে।