সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১১:৫৪ পিএম
ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতা-কর্মী বিএনপিতে যোগদান করেছেন। আহম্মদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুলমাল সম্পাদক মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়।
সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) সন্ধ্যায় চরফ্যাশন ও মনপুরা আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলমের চরফ্যাশনের বাসভবনে আনুষ্ঠানিকভাবে ফুলের মালা পরিয়ে তাদের দলে অন্তর্ভুক্ত করা হয়।যোগদানকারীদের নেতৃত্ব দেওয়া মাওলানা ওমর ফারুক জানান, তারা চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে সন্তুষ্ট ছিলেন না।
তিনি বলেন, "বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতা-কর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি। দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।"
সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম যোগদানকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের এই যোগদান বিএনপির কার্যক্রমে আস্থা ও গণতন্ত্রের পক্ষে থাকার প্রমাণ। তিনি বিশ্বাস করেন, এই যোগদান বিএনপিকে আরও শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম হবে।
এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আ.ন.ম আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন