রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাফেজ ছাত্রদের পাগড়ি পরালেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১১:৪০ এএম

হাফেজ ছাত্রদের পাগড়ি পরালেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী

ছবি - সংগৃহীত

ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে চাঁদপুরের হাইমচর উপজেলার একটি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন জননন্দিত খতিবুল উম্মাহ এবং ঢাকা জামিয়া তা'লীমিয়া মাদ্রাসার মুহতামিম হজরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)।

এর আগে তিনি পবিত্র কোরআনের শিক্ষা সমাপ্তকারী হাফেজ ছাত্রদের হাতে সম্মানজনক পাগড়ি তুলে দেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে হাইমচর কারীমিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে এক বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে।

মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী তাঁর বক্তৃতায় ইসলামের মৌলিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও পরকালীন জীবনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর-৩ আসনে সংসদ সদস্য প্রার্থী মাওলানা জয়নাল আবেদীন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ হাইমচর উপজেলা শাখার সভাপতি ডা. মাওলানা ছফিউল্লাহের সভাপতিত্বে এই মাহফিলটি অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম শিমুলও উপস্থিত ছিলেন।

হাইমচর কারিমিয়া হাফিজিয়া মাদ্রাসা পরিচালক হাফেজ ক্বারি মাহমুদুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং যুব আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি শরিফ মো. মাছুম বিল্লাহর সঞ্চালনায় মাহফিলে জেলা ও উপজেলার বিপুল সংখ্যক আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন। আয়োজকরা মনে করছেন, এই ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে দ্বীনি শিক্ষার গুরুত্ব ও ধর্মীয় চেতনার প্রসার ঘটেছে।