অক্টোবর ১, ২০২৫, ০৮:০০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের '৩১ দফা' বাস্তবায়নের লক্ষে গাজীপুরের টঙ্গীতে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চেরাগআলী এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা দলটির তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করার একটি অংশ।টঙ্গী পূর্ব থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল হক প্রধান সুবেলের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালা চলে।
এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এবং গাজীপুর-৬ আসনের এমপি পদপ্রার্থী আরিফ হোসেন হাওলাদার।আসলে, এই ধরনের কর্মশালা আয়োজনের মূল উদ্দেশ্য হলো, দলের কর্মীরা যেন '৩১ দফার' মূল বিষয়বস্তু এবং বাস্তবায়নের কৌশল সম্পর্কে ভালোভাবে বুঝতে পারেন এবং জনগণের কাছে তা পৌঁছে দিতে পারেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শাহানাজ ইসলাম, ঢাকা নগর স্বাস্থ্য সেবা কেন্দ্রের উপ-পরিচালক আবু সুফিয়ান হাসান, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মাকসুদেল হোসেন খান, চট্টগ্রাম বেগম গুল চেমনআরা একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. অহিদুল ইসলাম।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মারজুক আল-আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদা মনি, বিএনপি নেতা সফি উদ্দিন সফি, মিজানুর রহমান, কাওসার আহমেদ, সোহেল আহমেদ, আবু বক্কর সিদ্দিক, আবদুল মোমেন, ইমতিয়াজ আহমেদ তূষার ও রিফাত রশিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন