মোস্তাফিজুর রহমান
অক্টোবর ২, ২০২৫, ০৪:৫২ পিএম
ছবি-দিনাজপুর টিভি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর এলাকায় ব্রহ্মপুত্র নদের ভাঙন প্রতিরোধ ও স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অব্যাহত ভাঙনে বসতবাড়ি ও আবাদি জমি রক্ষা করতে গতকাল বুধবার বিকেলে ভাঙনকবলিত এলাকার জনগণ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে শত শত ভুক্তভোগী ছাড়াও স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বক্তারা বলেন, গত এক মাস ধরে উড়িয়া ইউনিয়নের ককাইমারী, ব্যাপারীপাড়া, আকন্দপাড়া, জোলাপাড়া ও ভাটিয়াপাড়া গ্রামে ভাঙন চলছে। এর ফলে শত শত পরিবার গৃহহীন হচ্ছে এবং একরের পর একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হচ্ছে।

তাঁদের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বক্তারা দ্রুত জরুরি প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ী সমাধানের জন্য সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপের জোর দাবি জানান।

কর্মসূচিতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর ও গাইবান্ধা-৫ আসনের এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম আকন্দ, স্থানীয় ইউপি সদস্য ছায়দার রহমান, সমাজসেবক মজনুর রশিদ ও বিএনপি নেতা ফারুক মিয়া প্রমুখ।